কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বাসটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজারের রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় আইকন পরিবহনের বাসটি। কিছুদূর যাওয়ার পর হঠাৎ বাসে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বাসটির জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন।
পরে বাসের ভেতরে থাকা যাত্রীদের মালামালও খুঁজে বের করে তাদের কাছে হস্তান্তর করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এক যাত্রী রায়হান বলেন, তারা কক্সবাজারে ঘুরতে এসেছিলেন। তাঁর সিট নম্বর ছিল এইচ-১। বাসে আগুন লাগার বিষয়টি চালক বা হেলপার তাদের জানাননি। প্রথমে পোড়া গন্ধ পাওয়ার পর আগুন দেখতে পান তারা। পরে স্থানীয়রা জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন।
আরেক যাত্রী মো. সোহেল রানা বলেন, পরিবারের সাত সদস্য নিয়ে তারা কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। বাসের ভেতরে আগুন লাগার পর ধোঁয়া ও গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্থানীয়রা দ্রুত জানালার কাচ ভেঙে তাদের বের করে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, আগুন লাগার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী। তবে তাদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ বলেন, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে যাত্রীদের বাস থেকে উদ্ধার করা হয়।
You cannot copy content of this page