৩১ জুলাই থেকে ৩৬টি স্কুল দলের অংশগ্রহণে শুরু হওয়া ‘পিলো চিপস ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়ন্স লিগ (ডিআইসিএল)’-এর গ্র্যান্ড ফাইনালের তারিখ ঘোষণা করেছে স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসি।
আগামী সোমবার ফর্টিস ফুটবল একাডেমিতে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা।
তরুণদের ফুটবল চর্চায় উৎসাহিত করা, তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ ঘটানো এবং বাংলাদেশের উদীয়মান ফুটবলারদের জন্য বড় সুযোগ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে যৌথভাবে টুর্নামেন্টটির আয়োজন করেছে স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসি।
টুর্নামেন্টের আয়োজনকে আন্তর্জাতিক রূপ দিতে এবং তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার কিংবদন্তি স্ট্রাইকার ক্লদিও ক্যানিজিয়া।
১৯৯০ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে খেলা ক্যানিজিয়ার উপস্থিতি এ আয়োজনকে আরও বিশেষ করে তুলবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তার এই সফর মূলত সৌজন্যমূলক ও অ-বাণিজ্যিক।
ফর্টিস সফরকালে ক্যানিজিয়া ফুটবল একাডেমি ঘুরে দেখবেন এবং উদীয়মান ফুটবলারদের জন্য একাডেমির সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা নেবেন। পাশাপাশি ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা করবেন।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং তাদের আন্তর্জাতিক মানের ফুটবলের সঙ্গে পরিচিত করানোর ক্ষেত্রে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
You cannot copy content of this page