আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে একটি চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে অনিচ্ছার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে পিসিবি। একই ধরনের চিঠি আইসিসির অন্যান্য সদস্য দেশগুলোকেও পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে বিসিবি শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছিল। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ (বুধবার) আইসিসির একটি সভা ডাকার কথা রয়েছে। তবে পিসিবির পাঠানো চিঠির পরই সভাটি ডাকা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ভারতের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগের প্রেক্ষিতে বিসিবির এই দাবি উঠে আসে। তবে আইসিসি চাইছে বাংলাদেশ ভারতের মাটিতেই খেলুক এবং এ বিষয়ে বিসিবিকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি গ্রুপ পরিবর্তনের সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
পিসিবির সমর্থনমূলক চিঠি কিছুটা বিস্ময় সৃষ্টি করলেও ধারণা করা হচ্ছে, আইসিসির সিদ্ধান্তে এর তেমন প্রভাব পড়বে না। ক্রিকইনফোর মতে, বাংলাদেশ ইস্যুতে ভেন্যু বা সূচি পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক দফা আলোচনা হলেও উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে।
আইসিসি জানিয়েছে, ২১ জানুয়ারির মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে বিসিবির দাবি, তারা আইসিসির কাছ থেকে কোনো নির্দিষ্ট ডেডলাইন পায়নি।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী, বাংলাদেশ দলের তিনটি ম্যাচ ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত বছর পাকিস্তানও ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত জানায় এবং ভারত-পাকিস্তান ম্যাচ হলে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দেয় হাইব্রিড মডেল অনুযায়ী। বাংলাদেশও বর্তমানে একই পথে হাঁটছে। যদিও এ বিষয়ে পিসিবি প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে, গুঞ্জন রয়েছে—পিসিবি পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারে কিংবা বাংলাদেশের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পাকিস্তান নিজেও বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে। তবে এসব বিষয়ে এখনো পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়