কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন হামলাকারী অতর্কিতভাবে জাহিদুল আলম জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হলে তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় এলাকাবাসী এক হামলাকারীকে আটক করতে সক্ষম হলেও অপর দুইজন পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় জাহিদুল আলম জাহাঙ্গীরকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক জানান, রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। হামলায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
You cannot copy content of this page