কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মহিলা মাদ্রাসা ও হেফজখানা বিধ্বস্ত হয়ে আট শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৪ শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে অবস্থিত খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও হেফজখানায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় সেখানে সাত থেকে ১০ বছর বয়সী মেয়েশিশুরা পাঠ গ্রহণ করছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সিসিসিএমের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পরিচালিত এ অভিযান সন্ধ্যা ৬টার দিকে শেষ হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় এপিবিএন সদস্যরা মোতায়েন ছিলেন এবং পুরো উদ্ধার কার্যক্রম তদারকি করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ের কর্মকর্তারা।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ক্যাম্প-৫ এলাকা থেকে এ পর্যন্ত আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান এবং আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
You cannot copy content of this page