প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৬, ৭:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৬, ৬:৫৩ এ.এম
নোয়াখালীতে প্রধান শিক্ষক হাফিজুল করিমকে আবেগঘন বিদায় সংবর্ধনা
নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্বচর শুল্লুকিয়া এ আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাফিজুল করিমের অবসর উপলক্ষে জাঁকজমকপূর্ণ ও আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে তিনি ২০২৬ সালের ৩০ জুন আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন। ১৯৯৪ সালের ১ জানুয়ারি ওই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। এরপর সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সফলভাবে কর্মজীবনের ইতি টানেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ এস এম এহসান কবীর। বিশেষ অতিথি ছিলেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ মহিউদ্দিন। সভাপতিত্ব করেন উত্তর ওয়াপদা কারামতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবউদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আরমান রাজু পবিত্র কুরআন তেলাওয়াত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রাফিয়া সুলতানা। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সৌরভ হাসান, আরমান হোসেন, মো. সবুজ এবং ইউনিয়ন যুবদলের নেতা জামাল উদ্দিন জিয়া।
শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মো. বেলাল উদ্দিন ও উর্মী জাহান রুনা। এছাড়া বাংলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উত্তর ওয়াপদা কারামতিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সুধীজন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে মোহাম্মদ হাফিজুল করিমের সততা, দায়িত্বশীলতা, শিক্ষার মানোন্নয়নে অবদান এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আজিজ।
সবশেষে বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ হাফিজুল করিম আবেগঘন বক্তব্যে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবার কাছে দোয়া কামনা করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।