ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাঙ্গুলী পরিবার ও তার ব্যক্তিগত সহকারী (পিএ) পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ অনুযায়ী, সোমবার বেঙ্গল ক্রিকেটের সভাপতির কার্যালয়ে সৌরভ গাঙ্গুলী ও ডোনা গাঙ্গুলীর নামে দুটি চিঠি পাওয়া যায়। চিঠিগুলো ইংরেজিতে লেখা এবং এতে গাঙ্গুলী ও তার পরিবারের সদস্যদের গুরুতর হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত ছয় মাস ধরে একই ধরনের চিঠি আসছিল। শুরুতে এগুলোকে অতিউৎসাহী ভক্তদের কর্মকাণ্ড মনে করে গুরুত্ব দেওয়া হয়নি। তবে একই ধরনের চিঠি বারবার আসার পাশাপাশি সর্বশেষ চিঠিতে গুরুতর হুমকি থাকায় বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এ ঘটনায় ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে রাজ্য সরকারের নিরাপত্তা বিভাগকেও বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে সৌরভ গাঙ্গুলীকে নিয়ে আপত্তিকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্যসংবলিত চিঠি পাওয়া যাচ্ছিল। শুরুতে বিষয়গুলোকে ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে সর্বশেষ পাওয়া চিঠিতে সৌরভ ও ডোনা গাঙ্গুলী এবং তাদের সঙ্গে কাজ করা ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে গুরুতর হুমকি থাকায় পরিবারটি উদ্বিগ্ন হয়ে পড়ে।
অভিযোগে হুমকির বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার পাশাপাশি সৌরভ গাঙ্গুলী, ডোনা গাঙ্গুলী ও তাদের সঙ্গে কাজ করা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, কুরিয়ারের মাধ্যমে গাঙ্গুলীর বাড়িতে চিঠিগুলো পাঠানো হয়েছিল। পার্সেলে প্রেরকের নাম হিসেবে বেলঘরিয়ার বাসিন্দা অরুণ কুমারের নাম উল্লেখ করা হয়। চিঠিতে থাকা একটি ফোন নম্বরের সূত্র ধরেও তদন্ত চালানো হচ্ছে। তবে চিঠিগুলো সত্যিই ওই ব্যক্তি পাঠিয়েছেন কি না, নাকি অন্য কেউ তার পরিচয় ব্যবহার করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
গাঙ্গুলীর ব্যক্তিগত সহকারীকে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সৌরভ গাঙ্গুলী ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে কি না, সেটিও পর্যালোচনা করা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
You cannot copy content of this page