নিরাপত্তাজনিত শঙ্কার কারণে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তবে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ দেশের অন্যান্য মিশনের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে। সূত্র জানায়, ৫ আগস্ট বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তনের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে মাঝেমধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পাশাপাশি বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিষিদ্ধ করা এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের ঘটনাও বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে বাধ্য করেছে ভারতকে।
এই প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশে কর্মরত ভারতীয় মিশন ও পোস্টগুলোতে দায়িত্ব পালনরত কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভারতের কূটনৈতিক কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না বলেও নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র।
বর্তমানে ঢাকায় ভারতের প্রধান দূতাবাস বা হাইকমিশন রয়েছে। এছাড়া খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে সহকারী হাইকমিশন কার্যক্রম পরিচালনা করছে ভারত। এসব সবকটি মিশন থেকেই কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, বাংলাদেশে অবস্থিত হাইকমিশন, সহকারী হাইকমিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর যথারীতি খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এটি একটি সম্পূর্ণ সতর্কতামূলক পদক্ষেপ মাত্র।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়