আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে ধর্মপ্রাণ জনগণের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার।
বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে খেজুরের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং বাজারমূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার গত ২৩ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে। এই শুল্ক ছাড় আগামী ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া, বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সকল ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। খেজুর ও অন্যান্য ফল আমদানিতে গত বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল, তা চলতি বছরেও বহাল রাখা হয়েছে।
এনবিআরের ধারণা, আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে এই উল্লেখযোগ্য ছাড়ের ফলে আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং বাজারমূল্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়