গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। এর আগে সোমবার রাতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাহার ইউনিয়নের বারেক মন্ডল ও তার ওয়ারিশদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল এবং এ বিষয়ে আদালতে মামলাও রয়েছে। বিরোধ মীমাংসার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বানেশ্বর বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে।
রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে কার্যালয়ে ঢুকে অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হন এবং চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। অভিযোগে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়া হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর ও পদদলিত করেছে বলেও অভিযোগে বলা হয়েছে।
লিখিত অভিযোগে লেবু মিয়া, বেলাল মিয়া, আব্দুল লতিফ, রুবেল মিয়া, ফারুক, রানা মিয়া, তামিম মিয়া, মোজাম্মেল হক খোকা ও হাসিবসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে তাদের আওয়ামী লীগের সমর্থিত সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে।
বৈরাগীরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ লাইছুর রহমান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে জমি-সংক্রান্ত বিরোধ থেকেই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। অভিযোগে থাকা লেবু মিয়া যুবলীগের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে, অন্যরা বিএনপির কর্মী-সমর্থক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়