চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪১১ কোটি টাকা, প্রতি ডলার ১২৩ টাকা ৫৯ পয়সা ধরে। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ থেকে ২৪ অক্টোবর দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ কোটি ৭০ লাখ ডলারে।
এ ছাড়া ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছয় দিনে দেশে ২৯ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ৬৩৩ কোটি টাকা।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ৩২ হাজার ৬০০ কোটি টাকা।
অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৮ হাজার ৪৯৮ কোটি টাকা। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।
You cannot copy content of this page