সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন। শনিবার (১১ জুলাই) সকালে রাঙামাটি সদর ও কাউখালী উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৮০টি পরিবারের মধ্যে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এদিন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি রাঙামাটি সদর উপজেলার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয়কেন্দ্র, সাপছড়ি ইউনিয়ন পরিষদ আশ্রয়কেন্দ্র এবং কাউখালী উপজেলার ঘাগড়া এলাকার আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি আশ্রয়কেন্দ্রে থাকা দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
পরে আশ্রয়কেন্দ্রে থাকা ৮০টি পরিবারের মোট ২০৪ জন সদস্যের হাতে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মানিকছড়ি আর্মি ক্যাম্প ও ঘাগড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, সাপছড়ি ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর এবং প্রয়োজনীয় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক কাজ করে যাবে।
You cannot copy content of this page