সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতভর সাভারের আমিনবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে সাভার মডেল থানা পুলিশ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ, র্যাব-৪ ও র্যাব-১০ সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, শনিবার রাতে আমিনবাজারের বড়দেশী এলাকায় এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে রোববার সকালে সাভার মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার পর প্রধান আসামি ও ঘটনার মূলহোতা হিসেবে উল্লেখ করা জহিরুল ইসলামকে প্রথমে গ্রেপ্তার করা হয়। পরে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য আসামিরা হলেন—আলাউদ্দিন (২৬), আপন (৩০), জিহাদ (২০), ইমরান (২৬), নূর মোহাম্মদ রুদ্র (২৪), মো. রাকিব মিয়া (২৮), ছাব্বির আহমেদ (২৪) ও মো. ওয়াসিম (৪০)।
পুলিশ জানিয়েছে, তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে প্রত্যেকের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। প্রধান আসামি জহিরুলের ১০ দিন এবং অন্য আসামিদের সাত দিন করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, মামলার সব আসামিকে গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন—এমন কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।
You cannot copy content of this page