দুর্গোৎসবের নবমীতে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল পৌনে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করে জানান, রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
সফরসূচি অনুযায়ী, রংপুরের পর রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন তারেক রহমান। পাশাপাশি রাজশাহীতে একটি জনসভায় যোগ দেওয়ারও কথা রয়েছে তাঁর। সব কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রেস সচিব সালেহ শিবলী বলেন, সরকারের নীতি হলো—ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার সারাদেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এবার পূজার বরাদ্দ ও ছুটি বাড়ানো হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সফরসঙ্গীদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও রয়েছেন।
You cannot copy content of this page