ভারতে গ্রেফতার ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
সোমবার (৯ মার্চ) পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে ভারতে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক পর্যায়ে কার্যক্রম চালানো হচ্ছে। খুব শিগগিরই তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, চাঁদাবাজদের কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। ইতোমধ্যে চাঁদাবাজ ও মাদক কারবারিদের একটি তালিকা তৈরি করা হয়েছে। প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন সেন্টার’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, কোনো সদস্য অতিউৎসাহী আচরণ করবেন না। একই সঙ্গে সাধারণ জনগণকেও আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত বিচার ও সমস্যা সমাধানের জন্য প্রতিটি থানায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর পরিকল্পনা করছে সরকার। পুলিশের পোশাকের বিষয়ে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
পুলিশ বাহিনীর ভেতরের অনিয়ম প্রসঙ্গে আইজিপি বলেন, পুলিশের দুর্নামের জন্য কিছু অসাধু সদস্য দায়ী। ভবিষ্যতে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি করা হবে না। সৎ ও যোগ্য কর্মকর্তারাই পুলিশে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, “দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়