ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় তারা অংশ নেবে না এবং তাদের ভূখণ্ডও ব্যবহার করতে দেওয়া হবে না।
সোমবার (৯ মার্চ) জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশারখ এ কথা জানান।
তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনার আগেও এবং এখনও আমিরাত স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা কোনো সংঘাতে জড়াতে চায় না এবং তাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।
এদিকে তুরস্ককে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রচেষ্টাকে ‘বিপজ্জনক উসকানি’ বলে নিন্দা জানিয়েছে আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কের আকাশসীমায় প্রবেশের পর ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ধ্বংস করেছে।
তবে তুরস্ককে লক্ষ্য করে হামলার অভিযোগ আগেও অস্বীকার করেছে ইরান। সর্বশেষ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়