নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানাধীন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫৯৫ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
উদ্ধার করা সিমেন্টের মোট ওজন প্রায় ২৯ হাজার ৭৫০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ১২ জনকে আটক করা হয়।
জব্দ করা সিমেন্ট ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, চোরাচালান ও অবৈধ পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
You cannot copy content of this page