আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) নোয়াখালী সফর করবেন। এদিন তিনি নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
নির্বাচনকে ঘিরে জামায়াত আমিরের এই সফরকে কেন্দ্র করে নোয়াখালী জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটে ব্যাপক প্রস্তুতি চলছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে সফরটি নিয়ে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্র জানায়, জুলাই আন্দোলনের পর ডা. শফিকুর রহমান নোয়াখালী সফর করলেও এটি তার নির্বাচনি কর্মসূচির অংশ হিসেবে প্রথম বড় জনসভা। জনসভায় তিনি দলের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা, নির্বাচনকেন্দ্রিক কৌশল এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে পারেন।
এ ছাড়া নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা, রাজনৈতিক সমঝোতা এবং বৃহত্তর ইসলামি রাজনীতির কৌশলগত অবস্থান নিয়েও দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন নোয়াখালী-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।
তিনি জানান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়