উল্লাপাড়ার দুই গ্রামের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
নিহত শাহ আলম উপজেলার রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়ায় আড্ডা দিয়ে মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হন।
আহত শাহ আলমকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শনিবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সলঙ্গা থানা। থানার ওসি ইমাম জাফর বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়