পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, “বৈঠক ভালো হয়েছে।”
বুধবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সংক্ষিপ্ত এ মন্তব্য করেন। এসময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে আসতে তাদের সব সময়ই ভালো লাগে।
বৈঠকে আলোচনার বিষয়, বিশেষ করে অস্ত্র কেনাকাটাবিষয়ক চুক্তি আকসা (একুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট) এবং সামরিক গোপন তথ্য বিনিময় ও সুরক্ষার চুক্তি জিসোমিয়া (জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট) নিয়ে প্রশ্ন করা হলেও পল কাপুর এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
সফরসূচি অনুযায়ী, তিনি আজ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর-এর সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এছাড়া রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ারও কথা রয়েছে। তিনি মঙ্গলবার (৩ মার্চ) ঢাকায় পৌঁছান।







