সিলেট নগরের আখালিয়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ-এর সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) প্রধান ফটকের কাছে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাত ১১টা ২০ মিনিটের দিকে বিজিবির প্রধান ফটকের বিপরীত পাশে কয়েকটি দোকানে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বিজিবি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ফায়ার ফাইটিং সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি দল ঘটনাস্থলে এসে অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যে ইলেক্ট্রনিক সামগ্রীর দোকান, ফার্নিচার শোরুম, সাইকেল ও মোটরসাইকেল ওয়ার্কশপ এবং মুদির দোকানসহ অন্তত ১০টি প্রতিষ্ঠান পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশ-এর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি প্রতিষ্ঠান পুড়ে গেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।







