দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।
জানা গেছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ সফরে ঢাকায় এসেছেন পল কাপুর। সফরকালে তিনি নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
সফরসূচি অনুযায়ী, বুধবার তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও তার মতবিনিময়ের কথা রয়েছে।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর-এর সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ারও কথা রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়