রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার (১৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ উন্মোচন করেছে রবি আজিয়াটা পিএলসি।
রবি আজিয়াটা জানিয়েছে, এয়ারটেলের ১৬ বছরের যাত্রার পর নতুন পরিচয়ে বাজারে আসছে ‘সার্কেল’। তবে ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সঙ্গে অপারেটরের সম্পর্ক ও বিদ্যমান সেবায় কোনো পরিবর্তন হবে না।
এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহকে পরিণত হবেন। তাদের বিদ্যমান ০১৬ নম্বর, সিম, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল ও সচল থাকবে। একইভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না।
এয়ারটেলের তরুণ প্রজন্মকেন্দ্রিক ঐতিহ্যের ওপর ভিত্তি করেই ‘সার্কেল’ ব্র্যান্ডটি সাজানো হয়েছে। নতুন ব্র্যান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ ভবিষ্যৎমুখী প্রযুক্তি ও বিভিন্ন ডিজিটাল সুবিধা যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে রবি।
‘সার্কেল’-এর লক্ষ্য আরও সাশ্রয়ী, আধুনিক ও ডিজিটালনির্ভর সেবা দেওয়া। বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি এবং তরুণদের দৈনন্দিন ডিজিটাল কর্মকাণ্ডে নির্ভরযোগ্য সংযোগ ও উন্নত ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার ওপর গুরুত্ব দেবে ব্র্যান্ডটি।
নতুন ব্র্যান্ডের প্রতিশ্রুতি নির্ধারণ করা হয়েছে—‘আসল সংযোগ, সবসময় সচল’। মানুষের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিউনিটি ও অভিজ্ঞতার সঙ্গে অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করাই ‘সার্কেল’-এর অন্যতম লক্ষ্য।
রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। ‘সার্কেল’ সেই যাত্রারই পরবর্তী ধাপ।
তিনি বলেন, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। সংযোগের ক্ষেত্রে এখন শুধু আরও বেশি মানুষকে যুক্ত করাই মূল বিষয় নয়; বরং বিদ্যমান সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলাই গুরুত্বপূর্ণ।
রবি জানিয়েছে, ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকদের সেবা নিরবচ্ছিন্ন থাকবে। এয়ারটেলের গ্রাহকদের আলাদাভাবে কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না।
এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্য আগের মতোই নিরাপদ ও সচল থাকবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির ভাষ্য, পরিবর্তিত ডিজিটাল বাস্তবতা ও মানুষের ক্রমবর্ধমান সংযুক্ত জীবনধারাকে বিবেচনায় নিয়েই ‘সার্কেল’ তৈরি করা হয়েছে। এয়ারটেলের তারুণ্যকেন্দ্রিক শক্তিকে ধরে রেখে নতুন ব্র্যান্ডটি আরও উন্নত ডিজিটাল সক্ষমতা ও ভবিষ্যৎমুখী সেবা নিয়ে এগিয়ে যাবে।
‘সার্কেল’ বাস্তব ও অর্থবহ সংযোগকে কেন্দ্র করে বাংলাদেশের ডিজিটালনির্ভর প্রজন্মের পরিবর্তিত চাহিদা পূরণে নতুন উদ্ভাবনে বিনিয়োগ অব্যাহত রাখবে। একই সঙ্গে তরুণদের গুরুত্বপূর্ণ মানুষ ও কমিউনিটির সঙ্গে যুক্ত থাকা এবং নিজেদের সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে সহায়তা করার লক্ষ্য নিয়েছে ব্র্যান্ডটি।
You cannot copy content of this page