নেপালে সিনেমার শুটিং করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেশটির বিভিন্ন অঞ্চলে যোগাযোগব্যবস্থা ব্যাহত হলেও শেষ পর্যন্ত শুটিং শেষ করে নিরাপদে বাংলাদেশে ফিরেছেন তিনি।
কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে অপু বিশ্বাসসহ বাংলাদেশ ও কলকাতার একাধিক শিল্পী নেপালে যান। পাহাড়ি অঞ্চলের মনোরম পরিবেশে শুটিং চলছিল। তবে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। পরে দ্রুত শুটিং শেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় সিনেমাটির টিম।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে বাংলাদেশে পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস।
তিনি বলেন, পুরো টিম নিরাপদেই ছিল। তবে একসঙ্গে সবাইকে নিয়ে দেশে ফেরার বিষয়টি কিছুটা চ্যালেঞ্জিং ছিল।
অপু বিশ্বাস আরও বলেন, নেপালে থাকা অবস্থায় আমরা বড় ধরনের কোনো সমস্যায় পড়িনি। শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পেরে শান্তি লাগছে।
নেপালের সাম্প্রতিক দুর্যোগের ঘটনায় দুঃখ প্রকাশ করে এই চিত্রনায়িকা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও কষ্টের। এমন পরিস্থিতি ভাষায় প্রকাশ করা কঠিন।
তিনি বলেন, হতাহতরা হয়তো আমার আপনজন নন, কিন্তু তারা আমার এবং আপনাদেরও আপনজন।
অপু বিশ্বাস আরও বলেন, যারা এ ধরনের বড় ক্ষতির মুখোমুখি হয়েছেন, তারাই এর কষ্ট সবচেয়ে ভালো বুঝতে পারবেন। নেপালে অবস্থানকালে স্থানীয়দের কাছ থেকে তারা পরিস্থিতির ভয়াবহতা শুনেছেন এবং তাদের আহাজারিও দেখেছেন।
তার ভাষায়, সেই দৃশ্য ও অনুভূতি কীভাবে ভাষায় প্রকাশ করব, তা সত্যিই আমার জানা নেই।
You cannot copy content of this page