জর্ডানে অবস্থিত ‘ক্যাম্প তিতিন’-এ মার্কিন মেরিন সেনাদের ব্যারাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। হামলায় অনেক মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইরানের এই বাহিনী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আইআরজিসি।
ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, হামলায় ক্যাম্পটির বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে। একই সঙ্গে শত্রুপক্ষের কয়েকটি ‘অ্যাটাক হেলিকপ্টার’ ধ্বংস করার দাবিও করেছে তারা।
আইআরজিসি আরও জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবেই এ পাল্টা হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাব অব্যাহত থাকবে বলেও সতর্ক করেছে ইরানের এই বাহিনী।
এর আগে গত জুলাইয়ের পর রোববার রাতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে ‘কঠোর’ হামলার হুমকি দেন। এর পরদিন মঙ্গলবার ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালায় মার্কিন বাহিনী।
ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর কুহেস্তাকের একটি আবাসিক এলাকাতেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ ছাড়া দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকাতেও মার্কিন হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলো।
ইরানি সংবাদমাধ্যমের তথ্যমতে, এখন পর্যন্ত বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক, লাভান ও আসলুয়েহকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান এসব হামলার জবাবে পাল্টা আঘাত হানলে দেশটির ওপর আরও কঠোর হামলা চালানো হবে।
তথ্যসূত্র: আল-জাজিরা, আইআরআইবি ও ফার্স
You cannot copy content of this page