বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে। তিনি রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায়ও রদবদল হতে পারে বলে দলীয় ও সরকারি সূত্রে আলোচনা চলছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থী হলে তাকে দলীয় পদ ও সংসদ সদস্যের পদ ছাড়তে হবে। এ কারণে বিএনপির চেয়ারম্যানের পর সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ মহাসচিব পদে কে আসবেন, তা নিয়েও দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে।
দলের সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে, জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অথবা জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে।
এদিকে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল ও দপ্তর পুনর্বণ্টন নিয়েও বিভিন্ন সমীকরণ সামনে আসছে। আলোচনায় রয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হাতে দেওয়া হতে পারে। বিকল্প হিসেবে বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে পুরো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, সরকার গঠনের শুরুতেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে। এ ক্ষেত্রে বর্তমান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকেও সম্ভাব্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে দলীয় অন্দরের আলোচনায় উঠে এসেছে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে পানিসম্পদ মন্ত্রণালয়েও পরিবর্তন আসতে পারে। এ ক্ষেত্রে মন্ত্রিসভার অন্য কোনো সদস্যকে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় রুহুল কবির রিজভীকে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা রয়েছে বলে সূত্রের দাবি।
এ ছাড়া দপ্তর পুনর্বণ্টনের মাধ্যমে আরও কয়েকজন মন্ত্রীর দায়িত্ব পরিবর্তন হতে পারে বলে আলোচনা চলছে। একই সঙ্গে নতুন করে দুই থেকে তিনজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
তবে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া এবং এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভায় রদবদল বা নতুন মুখ অন্তর্ভুক্তির বিষয়গুলো এখনো সম্ভাবনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে।
You cannot copy content of this page