মাঠপর্যায়ে বাংলাদেশ পুলিশের টহল ও অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ২১২টি ডাবল কেবিন পিকআপ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ১৮২ কোটি ৩২ লাখ টাকা ব্যয় হবে।
বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের জরুরি অপারেশনাল কার্যক্রমের চাহিদা পূরণে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে এসব যানবাহন কেনা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত প্রস্তাবটি মন্ত্রিসভা কমিটির কাছে উপস্থাপন করে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুলিশের জন্য নির্ধারিত ২১২টি ডাবল কেবিন পিকআপ সরবরাহ করবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকার চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত টহল জোরদার, অপরাধ দমন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, নতুন পিকআপগুলো পুলিশের বহরে যুক্ত হলে মাঠপর্যায়ে সদস্যদের চলাচল ও অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আইন-শৃঙ্খলা রক্ষার কার্যক্রম আরও বেগবান হবে।
You cannot copy content of this page