সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
রোববার (১১ অক্টোবর) আগের দিনের হামলার পরদিনই বিমানবন্দরে আবার এ হামলার ঘটনা ঘটে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী টার্মিনালে একটি প্রক্ষেপিত অস্ত্র আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। তবে অস্ত্রটি ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ছাড়া রিয়াদ বিমানবন্দরের কাছাকাছি এলাকায় আরও একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে বলেও জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
এর আগে শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই ঘটনায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হন। আহত হন বিভিন্ন দেশের আরও অনেকে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার আনুমানিক রাত ৩টা ২০ মিনিটে টার্মিনাল-৩-এর ওপর ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা সেখানে অপেক্ষা করছিলেন। হামলায় নিহত দুই বাংলাদেশি হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. নাসরুল্লাহ বদরপুরি।
রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এরই মধ্যে ১৪ জন বাংলাদেশিকে হারানোর কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রোববার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, এই বিপর্যয় ও হামলা বন্ধ হওয়া প্রয়োজন। এ ধরনের মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর বলেও মন্তব্য করেন তিনি।
রিয়াদ বিমানবন্দরে পরপর হামলার ঘটনায় সেখানে অবস্থানরত যাত্রীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হামলার ধরন ও ক্ষয়ক্ষতি নিয়ে সৌদি কর্তৃপক্ষের বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।
সূত্র: আল-জাজিরা
You cannot copy content of this page