পাকিস্তানের জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটর শামসো বিবিকে গুলি করে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘আয়েশা গিলামানা’ নামেও পরিচিত ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ হত্যা মামলা করেছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ আগস্ট এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের বাবা ফজল সাহেবজাদা পুলিশের কাছে দেওয়া অভিযোগে জানান, ঘটনার দিন কাশিফ নামের এক ব্যক্তির কাছ থেকে তার মেয়ে একটি ফোন কল পান। ফোনে তাকে বাড়ির বাইরে আসতে বলা হয়।
ফোন পাওয়ার পর শামসো বিবি তার ১৫ বছর বয়সী বোন আসিমা ও ভাই নেয়ামতুল্লাহকে সঙ্গে নিয়ে গাড়িতে করে বের হন। পথে একটি পেট্রোল পাম্পের কাছে মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।
অভিযোগে বলা হয়েছে, গুলির একটি শামসো বিবির ঘাড়ে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির পর নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে তার বোন আসিমা গুরুতর আহত হন।
নিহতের বাবা পুলিশকে জানিয়েছেন, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে তার মেয়ের আর্থিক লেনদেন ছিল। টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ওই দুই ব্যক্তি শামসো বিবিকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তিনি।
এ বিষয়ে আগে ইসলামাবাদে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগও করা হয়েছিল বলে জানিয়েছেন নিহতের বাবা।
তার সন্দেহ, কাউসার ও জাভেদ সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন অথবা অন্য কাউকে দিয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের আগে কাশিফের ফোন কলের বিষয়টিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
পুলিশ নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
নিহতের বাবার তথ্য অনুযায়ী, শামসো বিবি প্রায় তিন থেকে চার বছর ধরে টিকটকে ভিডিও তৈরি করছিলেন। জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরের প্ল্যাটফর্মটিতে প্রায় ১৩ লাখ অনুসারী ছিল।
সূত্র: গালফ নিউজ
You cannot copy content of this page