নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনও একজন নিখোঁজ রয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উদ্ধার হওয়া মরদেহগুলো হলো—গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (১৮)।
এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪)।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নিখোঁজ চারজনের মধ্যে তিনজন লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির অন্য সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন।
একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তিনজন গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন। তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে সৌরভও পানিতে তলিয়ে যান। এ সময় শান্তসহ চারজন নিখোঁজ হন।
ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে থাকা লোকজন স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা নদীতে নেমে উদ্ধার অভিযান চালালেও নিখোঁজদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালান। তবে সেদিন কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাতের জন্য অভিযান স্থগিত করা হয়।
শনিবার সকালে পাশের কিশোরগঞ্জের ভৈরব থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। প্রথমে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও একজনের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
You cannot copy content of this page