চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজের মেনু প্রকাশ করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। দুই দেশের সম্পর্ক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে রেখে সাজানো হয়েছে নৈশভোজের খাবারের আয়োজন।
হোয়াইট হাউস জানিয়েছে, মেনুতে আমেরিকান উপকরণের সঙ্গে চীনা রান্নার সূক্ষ্ম প্রভাব রাখা হয়েছে। এর মাধ্যমে একই আয়োজনে যুক্তরাষ্ট্র ও চীনের খাবারের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
নৈশভোজের শুরুতে পরিবেশন করা হবে ‘শ্রামসবার্গ ব্ল্যাঙ্ক দ্য নোয়ার’। ১৯৭২ সালে বেইজিংয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাইয়ের ঐতিহাসিক ‘টোস্ট টু পিস’ স্মরণে এই পানীয় পরিবেশন করা হবে।
প্রথম পদ হিসেবে থাকবে হলুদ স্কোয়াশের মসৃণ স্যুপ, বুনো মাশরুমের বিশেষ পদ, মচমচে প্যানচেটা ও পেঁয়াজপাতার সুগন্ধি তেল। এরপর পরিবেশন করা হবে তিলের আস্তরণ দেওয়া সামুদ্রিক মাছ। এর সঙ্গে থাকবে নরম করে রান্না করা বেবি বক চয়, ভাজা বেগুন ও বিশেষ সবুজ সস।
নৈশভোজের শেষ পদে থাকছে ভ্যানিলা ক্রেমু ও হোয়াইট হাউসের নিজস্ব মধু দিয়ে তৈরি আইসক্রিম। এর সঙ্গে পরিবেশন করা হবে আখরোটের ফ্রাঞ্জিপান এবং টক চেরির কনফি।
কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ মুহূর্ত স্মরণের পাশাপাশি নৈশভোজের খাবারের আয়োজনেও যুক্তরাষ্ট্র ও চীনের সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন তুলে ধরা হয়েছে।
You cannot copy content of this page