মালয়েশিয়ায় অবস্থানরত ভিসাহীন ও নথিবিহীন বাংলাদেশিদের ‘মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০’ (বিআরএম ২.০)-এর আওতায় আইনসম্মত ও নিরাপদভাবে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।
রোববার (৬ সেপ্টেম্বর) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম।
ভিডিও বার্তায় তিনি বলেন, অনিয়মিত বা নথিবিহীন বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরার সুযোগ দিতে মালয়েশিয়া সরকারের ইমিগ্রেশন বিভাগ ‘মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০’ চালু করেছে। এর আওতায় মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বা নথিবিহীন বিদেশি নাগরিক ও কর্মীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নিরাপদে নিজ দেশে ফিরতে পারবেন।
তরিকুল ইসলাম জানান, কর্মসূচির আওতায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের প্রথমে বৈধ ও মেয়াদযুক্ত বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। যাদের বৈধ পাসপোর্ট নেই বা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট (টিপি) সংগ্রহ করতে পারবেন।
এরপর দেশে ফেরার জন্য বৈধ ও নিশ্চিত বিমান টিকিট সংগ্রহ করতে হবে। মালয়েশিয়ার সরকারি নির্দেশনা অনুযায়ী, ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্টের কমপক্ষে পাঁচ দিন পর এবং সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে ভ্রমণের তারিখ নির্ধারণ করতে হবে।
আবেদনকারীকে নির্ধারিত ইমিগ্রেশন অফিসে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হবে। কোনো প্রতিনিধি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করার সুযোগ নেই।
আবেদনের সময় সঙ্গে রাখতে হবে—
সরকারি নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ফি ও প্রযোজ্য জরিমানা ইমিগ্রেশন বিভাগের অনুমোদিত পদ্ধতিতে পরিশোধ করতে হবে। আবেদন করার আগে সর্বশেষ ফি ও শর্তাবলি ইমিগ্রেশন বিভাগের কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নথিবিহীন বাংলাদেশিদের সতর্ক করে তরিকুল ইসলাম বলেন, বিআরএম ২.০-এর আওতায় আবেদন করতে কোনো দালাল, প্রতিনিধি বা তৃতীয় পক্ষকে অর্থ দেওয়ার প্রয়োজন নেই। কেউ বিশেষ সুবিধা দেওয়ার কথা বলে টাকা চাইলে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আগ্রহীদের নিজের আবেদন নিজেকেই করতে হবে এবং মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে।
শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে কর্মসূচির আওতায় আইনসম্মত ও নিরাপদে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের সংশ্লিষ্ট ইমিগ্রেশন অফিস ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
You cannot copy content of this page