ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে সরকারি বাহিনীর একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০০ জন। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছে।
সোমবার (১৯ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। ইয়েমেনের সামরিক কর্মকর্তারা হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
প্রাদেশিক সরকারের তথ্য অনুযায়ী, নিহত ও আহত ব্যক্তিরা অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীতে নিয়োগের জন্য শিবিরটিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণপ্রত্যাশীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানিয়েছেন এক সামরিক কর্মকর্তা।
শাবওয়া প্রাদেশিক সরকার এ হামলাকে প্রদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গুরুতর আঘাত হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।
ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। অন্যদিকে, হুতিদের সামরিক মুখপাত্র দাবি করেছেন, সৌদি কর্মকর্তাদের পরিচালিত একটি শিবিরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি।
হামলার পর শাবওয়া প্রাদেশিক সরকার দেশটির নেতৃত্ব, সৌদি নেতৃত্বাধীন জোট ও সরকারের প্রতি বিমান প্রতিরক্ষা এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে।
You cannot copy content of this page