পরিবেশ বলতে আমাদের চারপাশের সামগ্রিক অবস্থাকে বোঝায়। গাছপালা, বাড়িঘর, মাটি, পানি, বায়ু, জীবজন্তু, পশুপাখি, রাস্তাঘাট, নদীনালা, আকাশ, পাহাড়-পর্বত, যানবাহন ও কলকারখানা—সবকিছুই পরিবেশের অংশ। এসব মহান আল্লাহর অপার নেয়ামত। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে প্রকৃতির বৈচিত্র্য, সৌন্দর্য ও সৃষ্টির নানা নিদর্শন তুলে ধরা হয়েছে, যাতে মানুষ সেসব দেখে আল্লাহর অসীম ক্ষমতা ও সৃষ্টিশীলতা উপলব্ধি করতে পারে।
আল্লাহ বনভূমি ও বৃক্ষরাজির মাধ্যমে পৃথিবীকে সুশোভিত করেছেন। একই সঙ্গে গাছপালার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘তিনি তোমাদের জন্য পানি দ্বারা শস্য, জাইতুন, খেজুরগাছ, আঙুর ও সব ধরনের ফল উৎপন্ন করেন। অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।’ (সুরা নাহল : ১১)।
পরিবেশ আল্লাহর বড় অনুগ্রহ
পরিবেশ মানুষের প্রতি আল্লাহর অন্যতম বড় অনুগ্রহ। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে মানুষ, প্রাণী ও উদ্ভিদজগত মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই মানুষ যে পরিবেশে বসবাস করে, তা সংরক্ষণ করা এবং দূষণ ও ধ্বংসের হাত থেকে রক্ষা করা তার দায়িত্ব।
ইসলাম পরিবেশ রক্ষায় বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতি উৎসাহিত করেছে। এর মধ্যে বৃক্ষরোপণ এবং পানি ব্যবহারে অপচয় রোধ বিশেষভাবে উল্লেখযোগ্য। বৃক্ষরোপণের গুরুত্ব বোঝাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যদি কেয়ামত সংঘটিত হওয়ার মুহূর্তেও তোমাদের কারও হাতে একটি চারা থাকে এবং তা রোপণ করার সুযোগ থাকে, তবে সে যেন তা রোপণ করে।’ (মুসনাদে আহমদ : ১২৯০২)।
মানুষকে ঘিরেই পরিবেশ ও সমাজের সৃষ্টি
মানুষ সামাজিক জীব। পরিবার, সমাজ ও পরিবেশের সঙ্গে তার জীবন ওতপ্রোতভাবে জড়িত। মানুষের কল্যাণ ও জীবনধারণের জন্য প্রকৃতির প্রতিটি উপাদান গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘তাদের জন্য একটি নিদর্শন মৃতভূমি। আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে শস্য উৎপন্ন করি, যা তারা খায়। সেখানে আমি খেজুরবাগান সৃষ্টি করি এবং প্রবাহিত করি ঝর্ণাধারা।’ (সুরা ইয়াসিন : ৩৩)।
এই আয়াত প্রকৃতির পুনর্জীবন ও মানুষের জীবনধারণে উদ্ভিদ ও পানির অপরিহার্যতার কথা স্মরণ করিয়ে দেয়।
পরিবেশ সংরক্ষণে জীবনের সুরক্ষা
মানবজীবনের সঙ্গে প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক অত্যন্ত গভীর। মানুষের সুস্থতা ও জীবনরক্ষা অনেকাংশে পরিচ্ছন্ন পরিবেশের ওপর নির্ভরশীল। এ কারণে ইসলাম পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা, থুথু ও কফ ফেলা কিংবা যেখানে-সেখানে মলমূত্র ত্যাগ করা পরিবেশ দূষিত করে। এসবের ফলে রোগজীবাণু ছড়িয়ে পড়ে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। তাই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও দূষণ প্রতিরোধে প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
মহানবী (সা.) বলেছেন, ‘তোমরা তোমাদের আঙিনা পরিচ্ছন্ন রাখো।’ (তিরমিজি : ২৭৯৯)। পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝাতে আরও এসেছে, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।’ (সহিহ মুসলিম : ২২৩)।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাহাড়-পর্বত
পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পাহাড়-পর্বতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মহান আল্লাহ পৃথিবীতে পাহাড় সৃষ্টি করেছেন, যা ভূপ্রকৃতি ও পরিবেশের ভারসাম্যের অংশ। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন, যেন পৃথিবী তোমাদের নিয়ে আন্দোলিত না হয়।’ (সুরা নাহল : ১৫)।
তাই পাহাড় কাটা, নির্বিচারে বন উজাড় এবং প্রকৃতির স্বাভাবিক কাঠামো ধ্বংস করা থেকে বিরত থাকা প্রয়োজন।
পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব
পরিবেশ রক্ষার অন্যতম কার্যকর উপায় হলো বৃক্ষরোপণ। গাছপালা বাতাসকে বিশুদ্ধ রাখতে, মাটির ক্ষয় রোধ করতে, জীববৈচিত্র্য সংরক্ষণ করতে এবং জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। অন্যদিকে নির্বিচারে গাছ কাটা ও বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে।
বৃক্ষরোপণকে ইসলাম শুধু পরিবেশ রক্ষার কাজ হিসেবে নয়, বরং সওয়াব অর্জনের মাধ্যম হিসেবেও বিবেচনা করেছে। মহানবী (সা.) বলেছেন, ‘কোনো মুসলমান যদি একটি গাছ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে, আর তা থেকে কোনো মানুষ, পাখি কিংবা পশু আহার করে, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।’ (সহিহ বুখারি : ২৩২০; সহিহ মুসলিম : ১৫৬৩)।
অন্য হাদিসেও বৃক্ষরোপণ ও তার পরিচর্যার বিনিময়ে সওয়াবের কথা উল্লেখ রয়েছে। অর্থাৎ একটি গাছ শুধু মানুষের উপকারই করে না, বরং অন্যান্য প্রাণীর জীবনধারণেও ভূমিকা রাখে। তাই গাছ লাগানোর পাশাপাশি তার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করাও জরুরি।
বৃহত্তর কল্যাণে গাছপালার প্রয়োজনীয়তা
আল্লাহর সৃষ্টির অন্যতম বড় নেয়ামত বৃক্ষরাজি। মানুষের খাদ্য, জীবিকা, পশুপাখির আশ্রয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালার অবদান অপরিসীম। বনভূমি ও কৃষিজমি প্রকৃতির স্বাভাবিক চক্র সচল রাখতে সহায়তা করে।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘তারা কি লক্ষ্য করে না, আমি অনুর্বর ভূমিতে পানি প্রবাহিত করে শস্য উৎপন্ন করি, যা থেকে তাদের গবাদিপশু এবং তারা নিজেরা আহার গ্রহণ করে।’ (সুরা সাজদা : ২৭)।
এই আয়াত মানুষকে প্রকৃতির নেয়ামত উপলব্ধি করার পাশাপাশি সেগুলোর যথাযথ ব্যবহার ও সংরক্ষণের কথাও স্মরণ করিয়ে দেয়।
পানির অপর নাম জীবন
পানি পৃথিবীর প্রাণের অন্যতম প্রধান উপাদান। মানুষ, প্রাণী ও উদ্ভিদের জীবনধারণের জন্য পানির প্রয়োজন অপরিসীম। কৃষি, খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে পানির গুরুত্ব রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘প্রাণবান সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি।’ (সুরা আম্বিয়া : ৩০)।
ইসলাম পানি ব্যবহারে সংযমের শিক্ষা দিয়েছে। অজু ও গোসলের মতো ইবাদতেও পানি অপচয় না করার নির্দেশনা রয়েছে। পাশাপাশি পানির উৎস দূষণমুক্ত রাখার প্রতিও গুরুত্ব দেওয়া হয়েছে। জলাশয়, নদী ও পানির ঘাটে মলমূত্র ত্যাগ করা থেকে মহানবী (সা.) নিষেধ করেছেন। পানির অপচয় ও দূষণ রোধ করা ব্যক্তি ও সমাজের সম্মিলিত দায়িত্ব।
পরিবেশ দূষণ মানবদেহের জন্য হুমকি
শিল্পায়ন ও নগরায়ণের ফলে মানুষের জীবনযাত্রায় নানা পরিবর্তন এসেছে। কিন্তু পরিকল্পনাহীন শিল্পায়ন, বায়ু ও পানিদূষণ, বনভূমি উজাড় এবং প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহারের কারণে পরিবেশের ওপর চাপ বাড়ছে। দূষিত বায়ু ও খাদ্যের মাধ্যমে ক্ষতিকর উপাদান মানবদেহে প্রবেশ করে বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি করছে।
যুদ্ধবিগ্রহও পরিবেশের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে মানুষ ও প্রকৃতির ওপর দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব পড়ে।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও জলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে।’ (সুরা রুম : ৪১)।
এই আয়াত মানুষের কর্মকাণ্ডের সঙ্গে প্রকৃতির বিপর্যয়ের সম্পর্ক স্মরণ করিয়ে দেয়। পরিবেশের ক্ষতি শেষ পর্যন্ত মানুষের জীবন, স্বাস্থ্য ও ভবিষ্যৎকেই বিপন্ন করে। তাই পরিবেশ সংরক্ষণ শুধু প্রকৃতির প্রতি দায়িত্ব নয়, বরং মানবজীবন রক্ষারও গুরুত্বপূর্ণ শর্ত।
ইসলামের শিক্ষা অনুযায়ী, পরিবেশের প্রতিটি উপাদান আল্লাহর দেওয়া আমানত। তাই বৃক্ষরোপণ, পানি ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়েও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
You cannot copy content of this page