ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই সংবিধান সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং বেসরকারি সদস্য দিবসে সরকারি বিল উত্থাপনের প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জোটের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।
ওয়াকআউটের আগে দেওয়া বক্তব্যে বিরোধীদলীয় নেতা বলেন, দেশের বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যাওয়ার মতো জনদুর্ভোগ নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির কাছে বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হলেও তা আমলে নেওয়া হয়নি।
তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের ৭০ শতাংশ সমর্থন পাওয়া সংবিধান সংস্কারের বিষয়টিও উপেক্ষা করা হয়েছে।
বৃহস্পতিবার বেসরকারি সদস্য দিবস হওয়া সত্ত্বেও সরকারি বিল উত্থাপনের উদ্যোগেরও তীব্র সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এর মাধ্যমে বেসরকারি সদস্যদের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে এবং সংসদকে একপেশে করে ফেলা হচ্ছে।
মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার ও নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ ল্যাপস বা বাতিল করার সমালোচনা করে তিনি বলেন, তারা নীতিগতভাবে এ ধরনের খণ্ডিত বিলে অংশ নিতে চান না। তাদের আশঙ্কা, এর মাধ্যমে সংস্কারের মূল দাবিকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সংস্কারের মূল দাবির পক্ষে তাদের অবস্থান তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, তারা কোনো খণ্ডিত প্রক্রিয়ার অংশ হতে চান না। এ কারণেই এই অধিবেশন থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে জনস্বার্থে বিরোধীদলের দেওয়া চারটি নোটিশ নিয়ে আলোচনার সুযোগ দেওয়া হলে তারা আবার সংসদে যোগ দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান।
You cannot copy content of this page