দেশের বাজারে সোনার গহনার দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা করা হয়েছে।
১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২৯ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তার আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়েছিল।
সর্বশেষ দাম কমানোর ফলে ২৯ ও ৩১ আগস্ট—দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম মোট ১১ হাজার ৪৮৯ টাকা কমল।
সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ২০৮ টাকা করা হয়েছে।
You cannot copy content of this page