আনন্দ র্যালি, উচ্ছ্বাস আর শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে রাজধানীর আলোকি কনভেনশন হলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আনন্দ র্যালির মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। র্যালিতে ছোটকাকু চরিত্রে অভিনয় করা অভিনেতা আফজাল হোসেনও অংশ নেন। শিশু-কিশোরদের উচ্ছ্বাস ও আনন্দের মধ্য দিয়ে র্যালিটি উৎসবস্থলে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত হয় উৎসবের উদ্বোধনী আয়োজন। এতে উপস্থিত ছিলেন ছোটকাকু চরিত্রের স্রষ্টা ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট অনেকে।
আফজাল হোসেন বলেন, ছোটকাকুতে অভিনয় শুরু করার সময় তিনি অভিনয় থেকে প্রায় দূরে সরে গিয়েছিলেন। তবে শিশুদের জন্য কিছু করার দায়বোধ থেকেই তিনি চরিত্রটির সঙ্গে যুক্ত হন। উৎসবের দুই দিন তিনি শিশু-কিশোরদের সঙ্গে থাকবেন। পাশাপাশি গত ১৫ বছর ধরে ছোটকাকুতে অভিনয় করা শিল্পীরাও উৎসবে অংশ নেবেন।
ছোটকাকু চরিত্রটিকে পর্দায় প্রাণবন্ত করে তোলার জন্য আফজাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান ফরিদুর রেজা সাগর। তিনি বলেন, আফজাল হোসেন ছোটকাকু চরিত্রের সঙ্গে এমনভাবে মিশে গেছেন যে অনেকেই তাকে সরাসরি ‘ছোটকাকু’ নামে ডাকেন। জনপ্রিয় এই চরিত্রকে ঘিরেই দুই দিনের এ উৎসবের আয়োজন করা হয়েছে।
রহস্য, রোমাঞ্চ ও বিনোদনের পাশাপাশি সাহস, আত্মবিশ্বাস, পর্যবেক্ষণশক্তি এবং অন্যকে সহযোগিতা করার মতো ইতিবাচক বার্তা নিয়ে দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের সঙ্গে রয়েছে ছোটকাকু। এবার প্রিয় এই চরিত্রকে ঘিরে আয়োজিত উৎসবটি পরিণত হয়েছে শিশু-কিশোরদের মিলনমেলায়।
দুই দিনের উৎসবে রয়েছে নানা ধরনের মজার প্রতিযোগিতা, পুরস্কার, আড্ডা, আলোচনা ও বিনোদনমূলক আয়োজন। শিশু-কিশোরদের পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়েও উৎসবে অংশ নেওয়ার সুযোগ থাকছে।
You cannot copy content of this page