যুক্তরাষ্ট্র বা ইসরাইল পুনরায় হামলা চালালে যুদ্ধের পরিধি ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফার্স’-এর প্রকাশিত এক ভিডিওতে তিনি এ সতর্কবার্তা দেন।
সাফাভি বলেন, সংঘাত ইতোমধ্যে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে সংঘাতের ফ্রন্ট বা রণক্ষেত্র ভারত মহাসাগর এবং সম্ভবত এর বাইরেও বিস্তৃত হতে পারে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা শুরু করলে উদ্ভূত চরম পরিস্থিতি মোকাবিলায় ইরানের সেনাবাহিনী প্রয়োজনীয় পরিকল্পনা প্রস্তুত রেখেছে। একইসঙ্গে লোহিত সাগরের উপকূলীয় অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রশংসা করেন তিনি।
সাফাভি বলেন, গত এক শতাব্দীরও বেশি সময় ধরে ইয়েমেনিরা তাদের ভূখণ্ডের অখণ্ডতা ক্ষুণ্ন করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নতুন কোনো যুদ্ধ শুরু করলে লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালিকে ঘিরে নতুন একটি রণক্ষেত্র তৈরি হতে পারে।
You cannot copy content of this page