অভিনেতা থেকে রাজনীতিক হয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া বিজয় নবজাতকদের জন্য ব্যতিক্রমী এক কল্যাণমূলক কর্মসূচির ঘোষণা দিয়েছেন। নতুন এই উদ্যোগের আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে উপহার হিসেবে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি দেওয়া হবে।
‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে এ প্রকল্প বাস্তবায়নে বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি ব্যয় করবে তামিলনাড়ু সরকার। ইতোমধ্যে প্রকল্পটির জন্য প্রয়োজনীয় দরপত্র প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়।
সরকারি ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ২২ জুন বা তার পর থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক এই সুবিধার আওতায় আসবে। উল্লেখ্য, ২২ জুন মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৫ সেপ্টেম্বর, তামিল নেতা পেরারিগনার আন্নার জন্মবার্ষিকীতে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, তামিল সংস্কৃতিতে ‘থাই মামান সীর’ নামে একটি ঐতিহ্য রয়েছে, যেখানে নবজাতককে তার মামা উপহার ও আশীর্বাদ প্রদান করেন। সেই সাংস্কৃতিক ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে সরকার প্রতীকীভাবে ‘মামা’র ভূমিকা পালন করবে এবং নবজাতকদের স্বর্ণের আংটি উপহার দেবে।
সরকারের মতে, এই উদ্যোগ নবজাতক ও তাদের পরিবারের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসার প্রতীক হিসেবে কাজ করবে। পাশাপাশি তামিল সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারেও ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ ছিল মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্ত্রি কাজাগমের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। এছাড়া সরকারের ‘ভেত্রি তামিলাগাম ভিশন ডকুমেন্ট’-এও এ কর্মসূচির উল্লেখ ছিল।
তামিলনাড়ুতে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে নেতাদের জন্মদিন উপলক্ষে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের মধ্যে স্বর্ণের আংটি বিতরণের নজির থাকলেও, এটিই প্রথমবার কোনো রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে এমন একটি কল্যাণমূলক প্রকল্প চালু করতে যাচ্ছে।
You cannot copy content of this page