জামায়াতে ইসলামীর উত্থান বাংলাদেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নূর বলেন, সরকার পতনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের বক্তব্যের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি দাবি করেন, অতীতে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে রাজপথে ছিল। বর্তমানে দলটির ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এ পরিস্থিতিতে সচেতন তরুণ ও প্রগতিশীল জনগোষ্ঠীকে বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন। তাঁর ভাষ্য, জামায়াতের উত্থান দেশের জন্য ধর্মযুদ্ধ ও অস্তিত্বের সংকট তৈরি করতে পারে। একই সঙ্গে জামায়াত-শিবিরের যেকোনো ধরনের ‘আস্ফালনের’ বিরুদ্ধে জনগণকে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান তিনি।
মিরপুরের একটি ক্লিনিকের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে নুরুল হক নূর বলেন, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের প্রসঙ্গে তিনি বলেন, তরুণদের মধ্যে জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরের প্রতি মানুষের সংহতি ও সমবেদনার বিষয়টি ইতোমধ্যে সবার নজরে এসেছে।
সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন ও লংমার্চ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো প্রায় সাড়ে ছয় মাস সময় পার করেছে। এ সময়ে সরকারবিরোধী কর্মসূচি দেওয়া হলে এর সুযোগ নিয়ে পতিত রাজনৈতিক শক্তিগুলো আবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ পেতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের ক্ষেত্রে দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং জনগণের স্বার্থকে বিবেচনায় রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী, গণঅধিকার পরিষদ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page