কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার ক্যারেঙ্গাঘোনা পোলট্রি ফার্মসংলগ্ন সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ক্যারেঙ্গাঘোনা পোলট্রি ফার্মসংলগ্ন এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে তিন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
এ সময় সন্দেহভাজন ব্যক্তিরা সঙ্গে থাকা একটি প্লাস্টিকের মাছের ড্রাম ফেলে দিয়ে দ্রুত পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে ড্রামটিতে তল্লাশি চালিয়ে একটি পলিথিন ব্যাগের ভেতর খাকি রঙের প্যাকেটে থাকা নীল রঙের বায়ুরোধী ১৪টি কার্টন পাওয়া যায়। এসব কার্টন থেকে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, পালিয়ে যাওয়া সন্দেহভাজনদের আটকের জন্য বিজিবি সদস্যরা এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page