বিতর্ক যেন বলিউডের জনপ্রিয় র্যাপার হানি সিংয়ের জীবনের নিত্যসঙ্গী। নানা মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় আসা এই তারকা এবার বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। চলতি বছরের শুরুতে একটি কনসার্টে অশালীন মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে মহারাষ্ট্র সাইবার সেল।
মামলার তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য হানি সিংকে হাজির হওয়ার সমন পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ে হাজির না হয়ে তিনি প্রতিনিধির মাধ্যমে আরও সময় চেয়ে আবেদন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর মহারাষ্ট্র সাইবার সেলে হাজির হয়ে বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল হানি সিংকে। তবে তিনি নিজে হাজির না হয়ে তার প্রতিনিধির মাধ্যমে অতিরিক্ত সময় চেয়েছেন। ফলে নির্ধারিত সময়ে তার জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারিতে। দিল্লিতে একটি কনসার্টে পারফর্ম করার সময় তীব্র শীতের প্রসঙ্গ তুলে শ্রোতাদের উদ্দেশে অশালীন মন্তব্য করেন হানি সিং। একপর্যায়ে তিনি গাড়িতে যৌন সম্পর্ক স্থাপনের পরামর্শ দেন এবং শ্রোতাদের কনডম ব্যবহারের কথাও বলেন বলে অভিযোগ ওঠে।
কনসার্টের ওই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর হানি সিংয়ের মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি মহারাষ্ট্র সাইবার সেলের নজরেও আসে এবং তার বিরুদ্ধে মামলা করা হয়।
পরবর্তীতে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন হানি সিং। তবে এর পরও আইনি প্রক্রিয়া থেকে রেহাই পাননি তিনি।
এখন মামলার তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় মহারাষ্ট্র সাইবার সেল। অতিরিক্ত সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে তাকে আবারও হাজির হওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।
You cannot copy content of this page