টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর বিভিন্ন খাল পানিতে পূর্ণ হয়ে গেছে এবং বেশ কয়েকটি সড়ক তলিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটু থেকে উরুসমান পানিতে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংককের ৫০টি জেলাতেই বন্যা পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সংস্থাগুলোকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ লাখ বালুর বস্তা প্রস্তুত রাখা হয়েছে এবং বিভিন্ন স্কুলে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। তবে নতুন করে বৃষ্টি না হলে জমে থাকা পানি পুরোপুরি নামতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। তিনি বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেল থেকে ব্যাংককে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে শহরের বিস্তৃত খাল নেটওয়ার্কের পানি বেড়ে আশপাশের বাড়িঘর, রেস্তোরাঁ, দোকান ও সরু গলিতে ঢুকে পড়েছে। শনিবার নগরীর কয়েকটি প্রধান সড়কও পানিতে তলিয়ে যায়।
এদিকে পরিস্থিতি বিবেচনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ২০১১ সালে থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হন এবং দেশটির লাখ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
You cannot copy content of this page