শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার কৌশল বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, যেসব অপরাধের অভিযোগে শেখ হাসিনা দেশ ছেড়েছেন, তাতে তাঁর বাস্তবে দেশে ফেরার সম্ভাবনা নেই। তবে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে বারবার ফেরার ঘোষণা দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতের মুখপাত্র।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শেখ হাসিনা নিজে ফিরতে না চাইলেও সরকারকে তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। ভারতে আশ্রয় নিয়েও তিনি দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। তিনি নিজে ফিরতে চান কি না, সেটি বড় বিষয় নয়; তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই গুরুত্বপূর্ণ।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা অথবা দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নিজের রাজনৈতিক অবস্থান ও পদ-পদবি ধরে রাখার উদ্দেশ্যেও এমন ঘোষণা দেওয়া হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলটি সব সময় ফ্যাসিবাদী রাজনীতি করেছে এবং ভিন্নমতের ওপর আক্রমণ তাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ। গণ-অভ্যুত্থানের পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না বলে দাবি করেন তিনি। এ পরিস্থিতিতে সরকারকে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের মুখপাত্র। তাঁর অভিযোগ, বাহিনীর একটি অংশ আওয়ামী লীগকে সহযোগিতা করছে। সরকারের পক্ষ থেকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে—এমন প্রমাণ জনগণের সামনে তুলে ধরতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
You cannot copy content of this page