কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা বহনকারী চোরাকারবারিরা মাদকের চালান ফেলে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী আনোয়ার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। বুধবার রাত ১২টার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে বস্তা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে।
এ সময় সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বস্তা থেকে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
You cannot copy content of this page