ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকায় আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে সারা দেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হবে।
শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তথ্য অধিদফতরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
তিন মাসব্যাপী এ কর্মসূচির আওতায় দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
দেশের বিভিন্ন এলাকায় সমন্বিতভাবে এ অভিযান পরিচালনার মাধ্যমে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
You cannot copy content of this page