সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট বৈশ্বিক হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-৪-এ ‘হাই-লেভেল মিটিং টু অ্যাড্রেস দ্য এক্সিসটেনশিয়াল থ্রেটস পোজড বাই সি-লেভেল রাইজ’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দেন তিনি।
বক্তব্যে প্রধানমন্ত্রী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় ও দ্বীপরাষ্ট্রসহ জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর সামনে তৈরি হওয়া বহুমাত্রিক ও অস্তিত্বগত হুমকির বিষয়টি তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কার্যকর ও সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান ন্যায়সংগত অর্থায়ন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে আয়োজিত বৈঠকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বৈঠকটির মূল লক্ষ্য হলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, বাস্তবভিত্তিক সমাধান এগিয়ে নেওয়া এবং বিশেষ করে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ নেওয়া।
You cannot copy content of this page