রাজধানীর উত্তরখান এলাকায় তুরাগ নদ থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।
তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল বুধবার বিকেলে তুরাগ নদে অভিযান চালিয়ে তাহসিফের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে তাহসিফ সৌরি নিখোঁজ ছিলেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর এক আত্মীয়কে খবর দিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
তাহসিফ সৌরি তাঁর পরিবারের সঙ্গে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল।
এ ঘটনায় তাঁর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ। এ বিষয়ে বক্তব্য জানতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
You cannot copy content of this page