রাজধানীর হাজারীবাগে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় পারভিন বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন তার খালাতো বোন ফরিদা বেগম। আহত হয়েছেন পারভিনের মেয়ে ফাতেমা আক্তার উর্মিও।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হাজারীবাগের বটতলা মাজার এলাকার একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় বাসার দেয়ালের একাংশ ধসে পড়ে এবং জানালার কাচ ভেঙে যায়। নিহতের মেয়ে ফাতেমা আক্তার উর্মির দাবি, ঘরের ভেতরে ব্লেন্ডার মেশিন চালু করার পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারভিন বেগমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরে গুরুতর দগ্ধ ফরিদা বেগমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এদিকে, বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
You cannot copy content of this page