1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

মিডিয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

আগামী ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি জাতির গৌরবময় দিন। ১৯৫২ সালে ছাত্র-যুবসমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই শাহাদাত বরণ করেন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

তিনি আরও বলেন, ২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত— যা ভাষা শহীদদের প্রতি বৈশ্বিক সম্মান ও স্বীকৃতির প্রতীক। বাংলা ভাষাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। ভাষা ও সংস্কৃতির সম্প্রসারণ ও সুরক্ষায় সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, দেশবাসী এমন এক সময়ে ভাষা দিবস পালন করতে যাচ্ছে যখন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তবে পতিত ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতিতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সব ধরনের চক্রান্ত মোকাবিলার আহ্বান জানান।

তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা— নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। পাশাপাশি জনগণের জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।

বিবৃতির শেষাংশে জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা এবং দেশবাসীকে আলোচনা সভা ও দোয়ার আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালনের আহ্বান জানান।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!